ডিভাইসসহ আইএমইআই জালিয়াত চক্রের ১২ সদস্য আটক

১৭ সেপ্টেম্বর, ২০২০ ১৯:০৬  
আইএমইআই জালিয়াত চক্রের ১২ সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই চক্রটি চোরাই মোবাইলফোন কিনে চীন থেকে আমদানিকৃত বিশেষ এক ধরনের ডিভাইস ব্যবহার করে আইএমইআই নম্বর পরিবর্তন করে তা বাজারে বিক্রি করতো বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিআইডির এডিশনাল ডিআইজি শেখ রেজাউল হায়দার। তিনি জানিয়েছেন, আইএমইআই নম্বর পরিবর্তন করার ডিভাইসসহ সংঘবদ্ধ এই চক্রটিকে বুধবার আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২৬৫টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল, আইএমইআই পরিবর্তন করার Z3x নামের ৯টি ডিভাইস উদ্ধার করা হয়। চক্রের অন্য সদস্যদেরও আটকের চেষ্টা চলছে। আটকৃতরা হলো মুরাদ খান (২৩), লাভলু হাসান (২০), আল আমিন ওরফে অনিক (২২), বশির আলম শুভ (৩০) আব্দুল মালেক (৩২), মো. তামিম (২০), শাহ আলম (৩৬), স্বপন (৩৪), জাহাঙ্গীর আলম (২৬), ইমাম হাসান (২২), মো. আরিফ (৩৪) ও আল আমিন (২০)।